ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে

ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে

ভোলা দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগেই জনগণের যোগাযোগের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে দুটি ফেরি চলাচল করছে। গতকাল মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের উদ্বোধনের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকদিন পরিচালনার পর দেখা গেছে, যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ মানুষের মধ্যে এই রুটের ব্যাপক আগ্রহ ও সাড়া রয়েছে। তাই ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নত করা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আমরা আলোচনা করছি। একইভাবে ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে যাত্রা, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এই রুটগুলো আরও জনপ্রিয় হবে এবং লোকসান কমানো সম্ভব হবে। সড়ক যোগাযোগের ক্ষেত্রে বর্ষা ও বন্যার কারণে যেসব স্থানে ক্ষতি হয়েছে, সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত